
কক্সবাজারে আদালত প্রাঙ্গনে মামলায় হাজিরা দিতে আসা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার সহ সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ এবং বিদেশি পিস্তল ও গুলিসহ দুই হামলাকারিকে আটক করা হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের দক্ষিণের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার ও তার চাচাতো মোহাম্মদ মহিউদ্দিন। আটক দুই হামলাকারির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
ঘটনার ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান জানান, আদালত গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হামলা অংশ নেয়া দুইজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে। ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল উপস্থিত লোকজন হামলাকারিদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়া হয়। এসময় হামলায় অংশ নেয়া অন্যরা মোটরসাইকেল ও একটি সাদা ভক্সি মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
