parbattanews

কক্সবাজারে মানবপাচারে যুক্ত থাকার অভিযোগে আটক ১

কক্সবাজারে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শহিদুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং এলাকার একটি গহীন আস্তানায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে শহিদুল হকের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। অভিযানের সময় স্থানীয় চেয়ারম্যান আব্দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় শহিদুল হকের বাড়ি থেকে মালয়েশিয়ায় মানবপাচার সংক্রান্ত বিভিন্ন চুক্তিপত্র, একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মানবপাচার ও হত্যা মামলার বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া দেশি-বিদেশি অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগের বিষয়েও তথ্য রয়েছে যার তদন্ত চলমান।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক বলেন, শহিদুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণার পাশাপাশি হত্যা ও গুমের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আটকের পর শহিদুল হককে রামু থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

স্থানীয়দের ভাষ্যমতে, শহিদুল হকের দুই পা নেই। কিন্তু তার জীবনযাপন ঘিরে রয়েছে রহস্য। বিভিন্ন এলাকায় তার বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে। ক্যাম্প এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সংগ্রহ করে মালয়েশিয়ায় পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

Exit mobile version