প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আহবান ছিল চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার। এরই সূত্র ধরে ‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।
শহরের অভিযাত এক আবাসিক হোটেলের হল রুমে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা বাছাই পর্ব শেষে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ।
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও এবি ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী (এসআইসিআইপি) এর আওতায় মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের এই বাছাই পর্বে অংশগ্রহণ করে ৭০ জনের অধিক উদ্যোক্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস পরিচালক আরিফুজ্জামান।
প্রশিক্ষণে অংশগ্রহণে ইন্টারভিও দিতে আসা তরুন উদ্যোক্তা আছহাব ওশান চৌধুরী জানান, ‘এই ইন্টারভিওতে অংশগ্রহণ করতে পেরে অনেক ভাল লাগছে। আশা করি মাসব্যাপী প্রশিক্ষণে যুক্ত হতে পারলে নিজের ব্যবসাকে আরো বেশি উন্নত করা যাবে’।
নারী উদ্যোক্তা ফাহমিদা হুদা সিলভী জানান, ‘এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে যেমন সমৃদ্ধ করতে পারব। ঠিক তেমনি কিছু নারী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংকিং সুযোগ-সুবিধা পেলে পূর্ণ হবে স্বপ্ন।’
আরেক নারী উদ্যোক্তা নুসরাত জাহান রিপা জানান, ‘আমার প্রতিষ্ঠানের যাত্রা সবে মাত্র শুরু। আমি এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। যেখানে ব্যাংকের সহযোগিতা দরকার। আশা করি সহযোগিতা পেলে একটি চমৎকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে। যেখানে অনেকে তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে’।
উদ্যোক্তাদের সমন্বয়ক ও উক্ত অনুষ্ঠান সঞ্চালক মোঃ রাশেদুল ইসলাম জানান, ‘এটি সত্যি’ই খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। যেখানে অনেক তরুণ-তরুণী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেছে। উদ্যোক্তা হয়ে জীবন মান পরিবর্তনে সুন্দর একটি মানসিকতা কাজ করছে তাদের মধ্যে। আশা করা যায় এই যাত্রা সফল হবে’।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস পরিচালক আরিফুজ্জামান জানান, বাংলাদেশ সরকারের এই উদ্যোগে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত ৩ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। তার’ই অংশ হিসেবে এই কাজ।
কক্সবাজারের উদ্যোক্তাদের পক্ষ থেকে ভাল সাড়া পাওয়া গেছে। উদ্যোক্তার কাজের ধরণের উপর নির্ভর করে ব্যাংকের পক্ষ থেকে আর্থিক সহায়তা গ্রহণের সুযোগও রয়েছে। আশা করা যায় এই প্রশিক্ষণ শেষে এক ঝাঁক তরুণ উদ্যোক্তা সফলভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে’।
মাসব্যাপি প্রশিক্ষণের এই বাছাই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম ও কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল হক সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আয়োজক সহ সকলের প্রত্যাশা মাসব্যাপী প্রশিক্ষণ বাস্তবায়নের মধ্য দিয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির সাথে সমৃদ্ধ হবে ব্যবসায়িক পরিকল্পনা। পাল্টাবে জীবনমান।
