parbattanews

কক্সবাজার-টেকনাফ সড়কে চলন্ত বাসে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার-টেকনাফ সড়কে চলন্ত বাসে ঘুমন্ত অবস্থায় বদিউল আলম জিহাদী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত বদিউল আলম জিহাদী চট্টগ্রামের পটিয়া এসপি সাহেবের বাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। সে একজন ওয়ায়েজ বলে জানা গেছে।

পুলিশ জানায়, টেকনাফ থেকে হাসানুর রহমান চট্টমেট্রো-ব-১১-০৮৪১ নাম্বারের একটি স্পেশাল মিনিবাস সার্ভিস নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। যাওয়ার পথে মরিচ্যা চেক পোস্ট পার হওয়ার পরে রাবেতা এলাকায় আকস্মিক তার মৃত্যু হয়। পরে পাশে বসা লোকজন ও ড্রাইভার হেলপার মিলে তাকে কক্সবাজার বাসটার্মিনাল নিয়ে যায়।

বাস মালিক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহত জিহাদীর সাথে তার আত্বীয়-স্বজন না থাকলেও সাথে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে রয়েছে এবং আত্বীয়-স্বজন লাশ নিয়ে যাওয়ার জন্য আসছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। তার আরো আত্বীয়-স্বজন চকরিয়ায় রয়েছে বলে জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Exit mobile version