parbattanews

কক্সবাজার সৈকতে ‘খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের গর্জন আর নোনা বাতাসের আবহে ফুটে উঠেছে বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ চার দশকের রাজনৈতিক সংগ্রাম এবং পারিবারিক জীবনের ওপর ভিত্তি করে আয়োজিত ২ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী পর্যটক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। যা ছিল দেশব্যাপী প্রদর্শনীর প্রথম ধাপের সমাপনী পর্ব। সৈকতের বালুচরে সারি সারি সাজানো ফ্রেমে বন্দি হয়েছে এক সাহসী নারীর লড়াই, কারাজীবন এবং রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতিটি ছবি।

শনিবার রাতে সাগরপাড়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্যপ্রার্থী লুৎফুর রহমান কাজল।

উদ্বোধনকালে তিনি বলেন, কক্সবাজার বেগম জিয়ার অনেক স্মৃতিবিজড়িত একটি জায়গা। তাঁর কর্মময় জীবন ও সংগ্রামের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, নির্বাচনের পরবর্তী সময়ে দেশের বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

Exit mobile version