আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দুইটার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার কাছে তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকসহ দলের স্থানীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
পরে সাংবাদিকদের সাথে উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় কালে তিনি বলেন, ধানের শীষ জনগণের প্রতীক, সবার সহযোগিতা চাই। উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি এই আসনে বিজয়ী হবে।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
পরে ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
