parbattanews

কল্পনা চাকমা অপহরণকারীর শাস্তির দাবিতে ১২ জুন ঢাকায় বিক্ষোভ

1 (1)

স্টাফ রিপোর্টার:
কল্পনা চাকমা অপহরণ ঘটনার অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ ও চিহ্নিত অপহরণকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিল উইমেন্স ফেডারেশন, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। এই অপহরণ ঘটনায় টালবাহানা বন্ধ করে অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ ও চিহ্নিত অপহরণকারীর শাস্তির দাবিতে আগামী ১২ জুন শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং বিকাল ৪টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে কল্পনা চাকমার প্রথম ভিডিও বক্তৃতা প্রদর্শন ও সংহতি সভা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিরূপা চাকমা বলেন, ‘দীর্ঘ ১৯ বছরে চিহ্নিত অপহরণকারী ও তার দোসরদের বিরুদ্ধে আজও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো না, সেটাই আমাদেরকে তথা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের নারী সমাজকে বিক্ষুব্ধ ও প্রতিবাদী করে তোলে। ১৯টি বছর ধরে আমরা চিহ্নিত অপহরণকারীর শাস্তি দাবি জানিয়ে আসছি। কিন্তু বাস্তবে কোন সরকারই কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।’

সংবাদ সম্মেলন থেকে সরকারের নিকট ৪টি দাবি জানানো হয়- ‘লেফটেন্যান্ট ফেরদৌস, ভিডিপি সদস্য নুরুল হক ও সালেহ আহমেদকে আসামী করে কল্পনা চাকমা অপহরণের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে হবে। উক্ত বিচার বিভাগীয় কমিটি পাহাড়ি ও বাঙালি প্রতিনিধির সমন্বয়ে গঠন করতে হবে। অবিলম্বে উপরোক্ত তিন অপহরণকারীসহ কল্পনা চাকমা অপহরণ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত বাঘাইছড়ি থানা হেফাজতে থাকা অপহরণের আলামত সংরক্ষণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, সাধারণ সম্পাদক জ্যোৎন্সারানী চাকমা ও ঘিলাছড়ি নারী সমাজের সভাপতি কাজলী ত্রিপুরা। এছাড়া কল্পনা চাকমার বড় ভাই কালিন্দি কুমার চাকমাও উপস্থিত ছিলেন।

Exit mobile version