অবৈধভাবে ভারত থেকে আনা ১১ গরু কাউখালী হয়ে চট্টগ্রামে পাচার কালে উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ সময় গরুর মালিক দাবী করা ২ ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মোঃ সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ী এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রাঙামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবেআনা ভারতীয় গরু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে নিয়মিত টহল টিম ও একটি স্পেশাল টিম ওই সড়কে অভিযান চালায়। রবিবার দিবাগত রাত দেড়টায় ঘাগড়া এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১টি গরুসহ ২ জনকে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান- আটককৃতরা জানিয়েছে উদ্ধার হওয়া গরুগুলো রাঙামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরে আসে। তারপর রাঙামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করে, ২ জনকে আটক করে।
ওসি জানান, রাঙ্গামাটির বিভিন্ন সীমান্ত দিয়ে একটি পাচারকারী চক্র দীর্ঘদিন যাবৎ ভারতীয় গরুসহ বিভিন্ন মাদক পাচারে সক্রিয় রয়েছে। এদের ধরতে পুলিশ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এ অভিযান। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আটককৃতরা জানায় তিন চার বছর যাবৎ এভাবেই গরু পাচার করে আসছে তারা।
