parbattanews

কাপ্তাইয়ে চাঁদের গাড়ি উল্টে একজন নিহত, আহত ২

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া-ভালুকিয়া বাজার নামক স্থানে চাঁদের গাড়ি উল্টে একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

নিহত ইমন (১৯) রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো. বাহারমের ছেলে বলে জানান ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

এই ঘটনায় চাঁদের গাড়ি চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২) নামে দুইজন আহত হয়েছেন।

গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ির চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নম্বর রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি চাঁদের গাড়ি লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মো. ইমন নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং চালক নুর আলম বাছা ও মো. সাকিব নামে আরো একজন গুরুতর আহত হন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, হতাহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version