কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে জনগণের মাঝে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার এবং স্যানিটেশন ব্যবস্থার উপর সচেতনতা সৃষ্টির লক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ২দিনব্যাপী নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় হাসপাতালের সিএসপি ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনজিও সংস্থা গ্রীন হীলের প্রকল্প পরিচালক জতন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন গ্রীন হীলের প্রধান প্রশিক্ষক বিটু দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন অশোক বাড়ৈ। দুর্গম পাহাড়ের ৪০জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন খ্রীস্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, তরুন খিয়াং, সিমন খিয়াং, সি.এ সরকার, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, কাজী মোশাররশ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘দুর্গম পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এলাকাবাসী অসচেতনতার কারণে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার না করে ছড়া, ডোবা ও ঝর্ণা থেকে পানি ব্যবহার করছে। পাশাপাশি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় এই অঞ্চলের জনগণের মাঝে নানাবিধ রোগ-জীবানু ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।’
