রাঙ্গামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রুবি জয়ন্তী উৎসব শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।
সকাল ৭টা ৩০ মিনিটে স্কুল প্রাঙ্গণ থেকে র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, শপথ এবং অ্যাসেম্বলির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। র্যালিটি বাদ্যযন্ত্র এবং আনন্দমিছিল সহকারে ইউপি কার্যালয় হয়ে বিএফআইডিসি প্রাইমারি স্কুল থেকে ফিরে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।
কাপ্তাই ৫৬ জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, ও কাপ্তাই এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। রিইউনিয়ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক খান এবং সদস্য সচিব মো. শাহাদাত হোসেন চৌধুরী রিপনও বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে ব্যাচভিত্তিক স্মৃতিচারণ, ফটোসেশন, সংগীত পরিবেশনা, আতশবাজি, এবং ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। এদিন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে আনন্দমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।
উৎসবটি প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক ভিন্নমাত্রা যোগ করেছে, যা স্মরণীয় হয়ে থাকবে।
