কাপ্তাই ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া বন মোরগ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর থেকে একটি বন মোরগ উদ্ধার করে।
দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা দোয়েল চত্বর থেকে বন মোরগটি উদ্ধার করি। এ সময় বিক্রেতা বন বিভাগের লোকজনকে দেখতে পেয়ে বন মোরগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
দক্ষিণ রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে বন মোরগটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
