parbattanews

কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

চলতি শিক্ষাবর্ষে নিবন্ধন করেও প্রায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেননি। এরমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে নিবন্ধিত নিয়মিত শিক্ষার্থীদের অর্ধেকের বেশি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা বোর্ডগুলোর দেওয়া নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন ও ফরম পূরণের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে এইচএসসি (ভোকেশনাল) ফরম পূরণ করেছেন ৭৫ হাজার ১৯৭ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম শ্রেণিতে নিবন্ধিত ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ফরম পূরণ করেছেন ৭৮ হাজার ২৬৯ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে মোট ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ফরম পূরণ করেছেন ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন। এখানে ফরম পূরণ করেননি ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৩৩.০৪ শতাংশ। সবমিলিয়ে মোট ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন নিবন্ধিত নিয়মিত শিক্ষার্থী এবার ফরম পূরণ করেনি।

কাল শুরু হচ্ছে পরীক্ষা
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে, যেখানে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৯২,৯০৫ জন। অন্যদিকে কারিগরি বোর্ডে এবার পরীক্ষার্থী কমেছে। এ বোর্ডে গত বছরের তুলনায় ১,৬৪৭ জন পরীক্ষার্থী কমে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জনে। কারিগরি বোর্ডে কেন্দ্রের সংখ্যাও গতবারের চেয়ে ১২৩টি কমে ৬১০টিতে দাঁড়িয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে সরাসরি তদারকি করা হবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে। মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সূচি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী যা বললেন
পরীক্ষা শুরুর আগের দিন আজ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, স্বল্প সময়ের কারণে ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হয়নি। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষাক্রম প্রণয়নে কমিটি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষায় নিয়ে আসতে চাইছি।

সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

Exit mobile version