কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রাকের ধাক্কায় আরিফ মোশাররফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে দরবার রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ মোশাররফ (৯) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সিকদারপাড়ার মৃত নাসিরুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দরবার রাস্তায় সাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি লাল ট্রাক তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
