পেকুয়া প্রতিনিধি:
কুতুবদিয়ার পিআইও সৌভ্রাত দাশ পেকুয়ায় বদলীর তদবিরে ব্যস্ত হওয়ার গুঞ্জন উঠেছে। জানা যায়, পিআইও সৌভ্রাত দাশ দীর্ঘদিন ধরে জেলার কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে কর্মরত রয়েছেন। সম্প্রতি পেকুয়া উপজেলা পিআইও বদলী হলে পিআইও সৌভ্রাত দাশ অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কাজকর্মের দেখভালও করে আসছেন।
কুতুবদিয়া পিআইও অফিসে কর্মরত থাকাকালে সেখানকার অফিস সহকারীর সাথে তার হাতাহাতির চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হলে তিনি পেকুয়া উপজেলা পরিষদের কোয়ার্টারের বাসায় অবস্থান নিয়ে দু’উপজেলার পিআইও অফিসের কাজ কর্মের দেখভাল করে আসছেন। এদিকে, পেকুয়া পিআইও অফিসের দায়িত্ব পালনকালে ওই অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সহ প্রকল্প সংশ্লিষ্টদের সাথে সৌভ্রাত দাশের ¯œায়ু বিরোধ দেখা দেওয়ায় পেকুয়া পিআইও অফিসে দেখা দেয় চরম মতবিরোধ ও টানাপোড়ন। যা নিয়ে বর্তমানে পেকুয়া পিআইও অফিসের নানা কার্যক্রমে চরম অচলাবস্থা বিরাজ করছে।
অন্যদিকে, কুতুবদিয়ার পিআইও সৌভ্রাত দাশ তার নিয়মিত কর্মস্থল কুতুবদিয়ার বদলে পেকুয়া উপজেলা পরিষদের সরকারী কোয়ার্টারে বাসা বরাদ্দ চেয়ে বিরোধে নতুন করে মাত্রা বাড়িয়ে তুলেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে পেকুয়া উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা-কর্মচারীরা জানান। পিআইও সৌভ্রাত দাশ কুতুবদিয়া উপজেলার নিয়মিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত থেকে পেকুয়ায় সরকারী কোয়ার্টারের বাসায় বসবাসের কোন সূযোগ থাকতে পারেনা জানিয়ে তারা এ কর্মকর্তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুর রশিদ খানের কাছে জানতে চাইলে, তিনি ওই কর্মকর্তাকে পেকুয়ার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে বলেন, উনার পেকুয়ায় সরকারী কোয়ার্টারে বসবাসের কোন যুক্তি ও সুযোগ নাই বলে জানান।