parbattanews

কোভিড-১৯ মোকাবেলায় জনস্বার্থে হাত ধৌতকরণ পয়েন্ট স্থাপন করলো সেনাবাহিনী

মানবিক সচেতনতার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সার্কিট হাউজ এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় খাগড়াছড়ি রিজিয়নের সৌজন্যে এবং খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় জনস্বার্থে হাত ধৌতকরণ পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী।

 ১০ এপ্রিল (শনিবার) জনস্বার্থে হাত ধৌতকরণ পয়েন্টটির উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখ।

এ সময় ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক অতি জরুরি প্রয়োজন না হলে কাউকে ঘর থেকে বাহিরে না আসার জন্য এবং কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সকল বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়াও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাহিরে বের হলে মাক্স ব্যবহারের প্রতি নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। মনে রাখতে হবে আমরা সকলেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এ জেলার জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা মহামারীর এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে সচেতন এবং সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি সদর জোনের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Exit mobile version