মুজিবুর রহমান ভুইয়া :
নির্বাচন কমিশেনের ঘোষিত পৌরসভা নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি’র দুই পৌরসভায় বিজয় নিশ্চিত করতে বেশ কৌশলী হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। আর তাই দলের সকলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে তৃণমূল নেতাকর্মীদের হাতেই। আগামীকাল সোমবার তৃণমূল নেতারাই গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবেন খাগড়াছড়ি পৌরসভা ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী।
ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাকে প্রধান নির্বাচন কমিশনার করে ৯ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তৃণমূল নেতাদের ভোট গ্রহণের জন্য।
ভোটের আগে দলীয় প্রার্থী নির্বাচনের ভোট যুদ্ধ খাগড়াছড়িতে ইতিমধ্যে বেশ জমে উঠেছে। চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির ঘরোয়া রাজনীতি। দলীয় ভোটারদের নিজের পক্ষে টানতে প্রানান্তকর চেস্টা করছেন সম্বাব্য প্রার্থীরা। লক্ষ্য যেকোন মুল্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করা। খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা বিএনপি, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি, খাগড়াছড়ি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩৫ জন নেতা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ১০২ জন নেতা দলীয় এ নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র প্রেস উইং‘র সমন্বয়কারী ইশতিয়াক আহমেদ নিপু।
খাগড়াছড়ি জেলা বিএনপি সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দলীয় মনোনয়ন চেয়ে আনারস প্রতীকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, আম প্রতীকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেশ চাকমা রিঙ্কু এবং গোলাপ প্রতীকে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ বেগম রোজী আগামীকাল অনুষ্ঠিতব্য দলীয় এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
অপরদিকে মাটিরাঙ্গা পৌরসভার পৗরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য দলীয় মনোনয়ন চেয়ে চেয়ার প্রতীকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরী এবং আনারস প্রতীকে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বাদশা মিয়া ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
