খাগড়াছড়ির পানছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের উপজেলা সহ সভাপতি নিহত হয়েছে। নিহতের মরদেহ জেলা সদর হাসাপাতালে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি কায় কিসলু। তিনি জানান, হাসাপাতাল থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। হাসপাতালের ডেথ সাটিফিকেট অনুযায়ী পরিচয় জানা যায়। চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান, হাসপাতালে মৃত অবস্থায় নীতি দত্ত চাকমাকে আনা হয়।
তবে এ বিষয়ে কোন কিছু স্পষ্ট করে জানাতে পারেননি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, ঘটনা শুনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে কখন জানাতে পারবেন এমন প্রশ্নে বলতে পারছিনা বলে জানান পানছড়ি থানার ওসি।
এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, পানছড়ি উপজেলার মানিক্য পাড়ায় সকালে নিজেদের অর্ন্তকোন্দলে দত্ত চাকমা গুলিবিদ্ধ হন। তিনি পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। একইসাথে পোস্ট পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন নীতি দত্ত চাকমা। এলাকায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে নিজেদের অর্ন্তকোন্দলে বুকে গুলিবিদ্ধ হন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য নেশা হলে দ্রুত তাকে জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়। সেখানে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ডেথ সাটিফিকেটে উল্লেখ করা হয়।
অন্যদিকে উপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, লটারি বা নিজেদের অর্ন্তকোন্দলে নয়, নীতি দত্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার পথে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সশস্ত্র লোকজন তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে পালিয়ে যায় এমন অভিযোগ করেন অমর জ্যোতি চাকমা।
তবে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ এমন অভিযোগ অস্বীকার করেন।
