parbattanews

খাগড়াছড়িতে ফের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটক ও যাত্রীরা

মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি দিয়ে শহরের বিভিন্ন সড়কে ফের নাশকতা চালাচ্ছে পাহাড়ের কয়েকটি আঞ্চলিক সংগঠন। শনিবার ভোর ৬টা থেকে এ অবরোধে জেলা সদরের চেঙ্গী ব্রীজ ও চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা।

জুম্ম ছাত্র জনতার ব্যানারে পাহাড়ের কয়েকটি সহিংস সংগঠন পিকেটিংয়ে অংশ নিয়ে অস্থিরতা তৈরি ও জনভোগান্তির সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছের গুড়ি ফেলেছে পিকেটাররা। এতে আটকে ঢাকাসহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক ্সহ যাত্রীরা।

একই দাবিতে তারা গত বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসুচি দিয়ে জনভোগান্তি সৃষ্টি করে।

এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পু্লিশ মোতায়ন রয়েছে।

গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করে। একই দাবিতে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে এবং শুক্রবারে মহাসমাবেশ থেকে ফের আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসুচি ঘোষণা করে বিক্ষোভকারীরা।

জুম্ম ছাত্র জনতার এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।

Exit mobile version