parbattanews

খাগড়াছড়িতে যে সব প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা কলস ও ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীক পেয়েছেন। এই ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল প্রতীক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন বিএনপির ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এয়াকুব আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল), গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী (আপেল), স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (কলস) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা (হারিকেন)।

প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন নির্বাচনী আচরণবিধি, প্রচারণা নীতিমালা ও আইনগত বিষয়াবলি তুলে ধরেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Exit mobile version