parbattanews

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধ/র্ষণে অভিযুক্তদের বিচার দাবিতে প্রতিবাদ মিছিল

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামীদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত বিচার দাবিতে বাঘাইছড়ির সাজেকে লাঠি ও ঝাড়ু মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ জুলাই২০২৫) সকাল ১০টায় সমূহ যৌথভাবে এই কর্মসূচি চলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক পর্যটন সড়কের লাদুমনি বাজারের দ্বপদা হতে শিক্ষার্থী ও জনসাধারণের অংশগ্রহণে লাঠি ও ঝাড়ু মিছিল শুরু করা হয়। মিছিলটি পর্যটন সড়ক হয়ে সাজেকের উজোবাজারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন।

এতে বঙ্গলতলী, বাঘাইহাট ও মাচলং এলাকার শিক্ষার্থী, যুবক-যুবতিসহ নানা শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা।

হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পরানী চাকমার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক অনুপম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা ও ছাত্র জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু ধন চাকমা। বক্তারা অবিলম্বে ভাইবোনছড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা বলেন, ভাইবোনছড়া ধ/র্ষণ ঘটনায় পুলিশ ৪ জনকে লোকদেখানা গ্রেফতার করলেও বাকী ২ জনকে এখনো গ্রেফতার করেনি। অবিলম্বে পলাতক দুই আসামীকে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, জেএসএসের যে পার্বত্য চুক্তি করেছে সেই চুক্তি দিয়ে পাহাড়ে শান্তি ফিরে আসেনি।

বাবুধন চাকমা বলেন, খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ছাত্রী ধ/র্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অতীতে বিএনপি-আওয়ামী লীগ আমলেও যেভাবে ধ/র্ষণের ঘটনা ঘটেছে, বর্তমান অন্তর্বতীকালীন সরকারের আমলেও একই ঘটনা ঘটছে, যা খুবই উদ্বেগের বিষয়।

সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা বলেন, খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণিতে পড়ুয়া ত্রিপুরা ছাত্রীকে গণধ/র্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনার বিচার না হওয়ায় ধ/র্ষকরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বিলম্ব না করে অতি দ্রুত ভাইবোনছড়ায় ধর্ষণ ঘটনায় জড়িত সকল ধ/র্ষককে গ্রেফতারপূর্বক নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

 

Exit mobile version