খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং আইনের ধারা ২(৪) ও ৮ অনুসরণে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ৭ সদস্যের অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ,সদস্য সচিব হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম,সদস্য মাদল বড়ুয়া।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অ্যাডহক কমিটির মাধ্যমে খাগড়াছড়ি জেলার ক্রীড়া কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, প্রতিভা বিকাশ ও ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ক্রীড়া উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
