parbattanews

খাগড়াছড়ি ডিসির ছবি ও নাম ব্যবহার করে দুর্যোগকালীন সহায়তা তুলছে প্রতারক চক্র

খাগড়াছড়িতে চলমান দুর্যোগকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি অনলাইন প্রতারক চক্র। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-এর ছবি ও পরিচয় ব্যবহার করে অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করে এ সহায়তা চাওয়া হচ্ছে এমন অভিযোগ ওঠেছে।

জানা যায়, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ত্রাণ সহায়তার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নাম, মোবাইল নম্বর এবং সম্ভাব্য উপকারভোগীদের তালিকা সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের সুত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি সংযুক্ত করে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে ত্রাণ বিতরণের জন্য তথ্য চেয়ে বার্তা পাঠাচ্ছে। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষকে এসব বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুর্যোগের সময় মানুষের মানবিক আবেগকে কাজে লাগিয়ে প্রতারকরা বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ কিংবা প্রতারণার চেষ্টা করে থাকে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে পাঠানো বার্তা যাচাই না করে কোনো ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর বা উপকারভোগীদের তালিকা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সচেতন মহলের আশঙ্কা, ভবিষ্যতে এসব প্রতারক স্থানীয় সংসদ সদস্য, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে প্রতারণার অপচেষ্টা চালাতে পারে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে প্রতারক চক্র সরকারি বিভিন্ন দপ্তরগুলোর ফোন নাম্বার, ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে। এই দুর্যোগের সময় জেলা প্রশাসকের ছবি, নাম ও পদবি ব্যবহার করে কতিপয় প্রতারক চক্র মানুষের কাছে দুর্যোগকালীন সময়ের তথ্য চাচ্ছে ও সহায়তা দেয়া হবে বলে প্রচার করছে। এ বিষয়টি জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ লোকের কাছ জানতে পারেন তিনি। তার প্রেক্ষিতে সত্যতা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার টীমের সহযোগিতায় ঐ নাম্বারটি বের করার চেষ্টা করছি।

তবে জেলা প্রশাসকের ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ হ্যাক হয়নি। কিন্তু অন্য একটি নাম্বার থেকে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমরা তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ধরার চেষ্টা করছি এবং আইনী ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া এমন বার্তা বা সহায়তা কেউ চাইলে প্রশাসনের কাছে নিশ্চিত হওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক।

Exit mobile version