parbattanews

খাগড়াছড়িতে আওয়ামী লীগের সাদা পতাকা মিছিল

20.02সিনিয়র স্টাফ রিপোর্টার :

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নেতৃত্বে চলমান সহিংসতা বন্ধ ও শান্তির জন্য খাগড়াছড়িতে সাদা পতাকা হাতে নিয়ে শান্তি মিছিল করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম‘র নেতৃত্বে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে সাদা পতাকা হাতে শান্তি মিছিলটি বের হয়ে জেলা শহরের আদালত সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এসব হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারার বিচার এদেশের মাটিতেই হবে। তারা অবিলম্বে বিএনপি-জামায়াত জোটের এসব নাশকতা বন্ধে আইন প্রণয়নেরও দাবি জানান।

শান্তি মিছিলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

Exit mobile version