খাগড়াছড়ি প্রতিনিধি:
এফবিসিসিআই ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা সদরের কলাবাগানস্থ খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব মো. দিদারুল আলমের সঞ্চালনায় ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রফিকুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সদস্য এস এম শফি, জেলা খাদ্য শস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাবুল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক কানন আচার্য।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম বলেন, শীতার্তদের শীতবস্ত্র দিয়ে সহায়তা করা এক ধরণের ইবাদত। এটি একটি জনকল্যাণমূলক কাজ। খাগড়াছড়ি পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে তিনি এ শীতে গরীব, দরিদ্র ও এতিমদের জন্য শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করবেন বলেও জানান। পরিবেশবান্ধব ও উন্নত পৌর শহর বিনিমার্ণে সকলের সহায়তা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।
খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে এ সময় দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
