parbattanews

খাগড়াছড়ির নিম্ন এলাকা প্লাবিত

flood

সিনিয়র স্টাফ রিপোর্টার :
তিন দিনের টানা প্রবল বর্ষণে খাগড়াছড়ির জনজীবন বিপর্জস্ত হয়ে পড়েছে। কাজের প্রয়োজনেও মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। এ অবস্থায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলো পড়েছে চরম বেকায়দায়। টানা বর্ষণের কাছে অসহায় জনজীবন।

অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়াসহ বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদরের অন্তত ছয়টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী নদী ও মাইনী নদীর পানি বেড়ে চলেছে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। সেই সঙ্গে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চেঙ্গী নদীর পানি ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, খাগড়াছড়ি জেলা শহরের মেহেদীবাগ, উত্তর গঞ্জপাড়া, মুসলিম, আনন্দ নগর ও শান্তি নগর সহ জেলা সদরের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।

অপরদিকে টানা বর্ষণের কারণে জেলা সদরের ডিসি বাংলো পাহাড়, সবুজ বাগ, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের খবর পাওয়া গেছে। এর ফলে শহরের বিভিন্ন সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে সড়কের মাটি সরিয়ে যান চলাচলসহ যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা হচ্ছে।

এদিকে বন্যায় শহর এলাকার ছয়টি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন উল্লেখ করে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম জানান, বন্যা দুর্গতদের জন্য পাঁচটি আশ্রয় শিবির খোলা হয়েছে।

Exit mobile version