parbattanews

খাগড়াছড়ির ভাইবোনছড়ায়  স্কুলছাত্রী ধর্ষণের শিকার

ধর্ষণ

সিনিয়র স্টাফ রিপোর্টার:

পার্বত্য খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়ায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়রা ধর্ষক জিয়াউর রহমানকে (৩২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ভাইবোনছড়ার হাফিন পাড়ায় বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটি ভাইবোনছড়ার ছোটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সকালের দিকে শিশুটি বাড়িতে একা ছিল। এ সুযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জিয়াউর রহমান পানি খাওয়ার ছলে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে পাশের লোকজন ছুটে এসে ধর্ষক জিয়াউর রহমানকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জীব ত্রিপুরা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। রিপোর্ট পেলে বিষয়ে বিস্তারিত বলা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

 

Exit mobile version