parbattanews

খাগড়াছড়ি থেকে হারিয়ে যাওয়া পুলিশের গুলি কুমিল্লায় উদ্ধার : আটক-১

jjjbbf

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে হারিয়ে যাওয়া ৫০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলির মধ্যে ৩৯ রাউন্ড গুলি কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। কুমিল্লা পুলিশের সহায়তায় শনিবার সকালের দিকে নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকা থেকে গুলি গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি বান্দরবান জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কুমিল্লা কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, গত ৭ জুন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ৫০ রাউন্ড গুলি খোয়া যায়। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গুলি চোরের অবস্থান নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ। পরে কুমিল্লা পুলিশের সহায়তায় নগরীর তেলিকোণায় বসবাসরত সুজন নামের এক যুবককে আটক করে করে। পরে তার দেয়া স্বীকারোক্তিমুলে নানুয়াদিঘী থেকে ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সুজনের ভগ্নিপতি আরিফ তার কাছে গুলিগুলো গচ্ছিত রেখেছিল বলে জানায় সে।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া গুলিগুলো খাগড়াছড়িতে আনা হচ্ছে। গুলিগুলো আনা হলেই বুঝা যাবে তা খোয়া যাওয়া গুলি কিনা। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের বাসভবনে নিয়োজিত পুলিশ সদস্যের ৫০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনায় খাগড়াছড়ি পুলিশ লাইনের রির্জাভ ইন্সপেক্টর (আরআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় দায়িত্বরত দুই পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন ও সুমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে প্রথমে দুই দিন এবং পরে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়। দায়িত্বে অবহেলার জন্য নায়েক খয়বর হোসেন ও কনস্টেবল হাশেমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

Exit mobile version