ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি তেহরান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে ২ জুলাই তিনি তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন-ইসরাইলের হামলায় শাহাদত বরণকারী নেতার প্রতি শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের ফাঁকে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলের যৌথ বিমান হামলায় শহীদ হন। দীর্ঘ চার মাস তার স্মরণে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজার আয়োজন করে ইরান।
