parbattanews

খুন-খারাবি চালিয়ে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে দানবে পরিণত হয়েছেন- বিক্ষোভ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের বরইতলীতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে মহালছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি বাবু পাড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা জেএসএস(সন্তু গ্রুপ)কে দায়ী করে বলেন, খুন-খারাবি চালানোর মাধ্যমে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে একজন দানবে পরিণত হয়েছেন। যার কারণে উৎসবের দিনও তিনি খুন-খারাবি করতে কোন দ্বিধাবোধ করছেন না।

এই খুনী দানবটি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জনগণ আর সুখে-শান্তিতে থাকতে পারবে না। বক্তব্যে তিনি অচিরেই এইসব দানবীয় কর্মকান্ড পরিহার করার জন্য আবারো সন্তু লারমার প্রতি আহ্বান জানান। অন্যথায় এর জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন এবং অবিলম্বে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার সাথে জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি এবং খুনী সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে খুন-খারাবির দায়ে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের বরইতলীতে ১২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন নতুন কুমার চাকমা ওরফে কারণ (৪৮) ও প্রতুলময় চাকমা ওরফে রকেট(৩০)। নিহত নতুন কুমার চাকমা পানছড়ি উপজেলার ছোট পানছড়ি গ্রামের মৃত নলমনি চাকমার ছেলে ও প্রতুলময় চাকমা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাজলঙের ডিপু পাড়ার বসন্ত চাকমার ছেলে।

Exit mobile version