মানিকছড়ি প্রতিনিধি:
দ্বিধারায় চলছে মানিকছড়ি বিএনপির কার্যক্রম। আগামীকাল সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সমীরণ গ্রুপের কাউন্সিলকে ঘিরে নিস্তেজ বিএনপিতে সজীবতার আভাস লক্ষ করা গেছে। কাউন্সিলকে ঘিরে উপজেলার তৃণমূলে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি বিএনপির দূর্গে নড়বড় অবস্থা বিরাজ করছিল দীর্ঘ এক যুগ ধরে। দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আঞ্চলিকতা, সু-সময়ে লুটপাট, নেতা-কর্মীদের অবমূল্যায়ণে এ দীর্ঘ সময় দলে বিরাজ করছে দ্বিধারা। দলের সুসময়ের নেতারা রয়েছে খাগড়াছড়ির সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে। আর সুবিধা বঞ্চিতরা রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ানের নেতৃত্বে এখানে চলছে সাংগঠনিক কার্যক্রম। ফলে বিএনপির এ দূর্গে বিরাজ করছে আস্থাহীনতা। এতে বিএনপি পরিবারের নতুন প্রজন্মরা পারিবারিক ধারা পরিবর্তন করে অন্য দলে ভিড়তে দ্বিধা করছে না। এতে করে দলের দূর্গে হানা দিয়েছে আওয়ামী লীগ।
ইতোমধ্যে বিএনপির হাজারো নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছে। ফলে এখানে বিএনপি এখন আর আগের মত শক্ত অবস্থানে নেই। যার কারণে সরকার বিরোধী কোন আন্দোলন এখানে জমিয়ে তুলতে পারেনি দলের নেতাকর্মীরা। এক সময়ের বিএনপির দূর্গ মানিকছড়িতে যখন বিএনপির এ অবস্থা ঠিক তখনি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে গত ১৩ সেপ্টেম্বর ওয়াদুদ ভূইয়ার অংশের কাউন্সিল সম্পন্ন হয়।
এদিকে কাল সোমবার বিকাল ৩টায় অপর অংশ সমীরণ গ্রুপের আহ্বায়ক এস,এম রবিউল ফারুকের নেতৃত্বে উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সিল প্রস্তুতি কমিটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ১০১ সদস্য বিশিষ্ট পদে কাউন্সিল করতে তৃণমূলের প্রস্তুতি শেষ হয়েছে।
এ কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্রলাল ত্রিপুরা, বিশেষ অতিথি হিসাবে জেলা সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিন্টু বিকাশ চাকমা।
কাউন্সিল কমিটির আহবায়ক এস,এম রবিউল ফারুক জানান, কাউন্সিলকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও চাহিদা অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করা হবে।