ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী ১৮ হাজার ৫৯২ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, অনেক শিশুই জন্মের কয়েক ঘণ্টা পরেই ইসরাইলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা যায়। নিহতদের মধ্যে জন্মের দিনেই ৯, প্রথম দিনে ৫, দ্বিতীয় দিনে ৫ এবং তৃতীয় দিনে ৮ শিশু নিহত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে এক মাস বয়সী ৮৮, দু’মাস বয়সী ৯০ এবং তিন মাস বয়সী ৭৮ শিশুও রয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে আসছে। এতে গাজায় ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে।
এর আগে, সোমবার ইসরাইলি মানবাধিকার সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরাইল’ ও ‘বেতসেলেম’ ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে। সংগঠন দু’টি বলেছে, পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণ করে দেয়া হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
