নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারাতে হাজারো ভক্তের অশ্রু নয়নে শ্রদ্ধা আর ভালোবাসায় রোববার সম্পন্ন করা হলো বড়থলী ধর্ম রক্ষিত বেদ্ধ বিহার অধ্যক্ষ উ. আগাধেইম্মা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া। এই উপলক্ষ্যে সকাল থেকে হাজার হাজার ভক্ত ও দায়ক দায়িকা বিহার প্রঙ্গণে উপস্থিত হয়।
ভদন্ত উ. সুরীয়া মহাথের এর সভাপতিত্বে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা প্রমূখ। অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের আগরতলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অক্ষয়ানন্দ মহাথের ও বান্দরবানের ধর্মীয় গুরু উ. চাইন্দাওয়ারা মহাথের।
অনুষ্ঠানে সইং নৃত্য শেষে ধর্মীয় রীতিতে ধুম্রবাজিতে অগ্নি সংযোগ করে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা। এ দিকে এ অনুষ্ঠানকে ঘিরে বিহারাঙ্গণে বসে ধর্মীয় মেলা। এতে সকাল থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। উল্লেখ্য, গত ১৮ মার্চ ধর্মীয় গুরু উ. আগাধেইম্মা মহাথের পরলোক গমন করেন।
