গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছেন : তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবিভূত হয়েছেন দেশের মানুষের কাছে। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদেরকে কী পরিচয়ে চেনে? গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা কারা গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত। চেনেন আপনারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে নারী-পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইয়েরা কাজ করেন মাঠে, একইভাবে আমরা জানি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষাণীরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, বিভিন্ন কল-কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, বোনেরা, নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যে গার্মেন্টস শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি—সেই গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছেন এই দেশের নারী সমাজ। এই দেশের মা-বোনেরা।’
আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখছি, অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি—এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। এই জালেমদের নেতা, তিনি দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে অত্যন্ত কলঙ্কিত একটি শব্দ ব্যবহার করেছেন।’
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ১৩ কোটি ভোটারকে (সমগ্র বাংলাদেশসহ) কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আগামী ১২ তারিখ আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করুন, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
















