parbattanews

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশের একাধিক টিম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ জিসান ও মোহাম্মদ শাহজাহানের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি কাটা বন্দুক, দুটি তাজা কার্তুজ, হাতুড়ি ও মুখোশ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

তার আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার জনতা মার্কেট-বেতুয়া বাজার সড়কের গ্রামার স্কুল মোড় এলাকায় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ ও থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে প্রথমে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের মৃত জালাল আহমদের ছেলে মোহাম্মদ জিসান (৩০), সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী গ্রামের কালু ফকিরের ছেলে আবদুল্লাহ (৩৫)।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই ডাকাতের স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরত্যাখালী এলাকা থেকে মোহাম্মদ শাহজাহান (৪০) নামে আরো এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চকরিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে চিরিঙ্গা বেতুয়াবাজার সড়কের চকরিয়া গ্রামার স্কুলের মোড় থেকে সিএনজি থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই সিএনজি যোগে বেতুয়াবাজার থেকে চকরিয়া পৌরশহরের দিকে আসছিলেন ডাকাতির প্রস্তুতি নিতে। গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক পুনরায় অভিযান চালিয়ে কোনাখালী থেকে ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে চকরিয়া থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version