কক্সবাজারের চকরিয়ায় অর্ণ (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের পুকুরে গোসল নেমে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত অর্ণ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের ভরামুহুরী এলাকার অনুরামের ছেলে ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অর্ণ প্রতিদিনের মতো সকালে স্কুলে যায়। বিকালে স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় তার বন্ধুদের সাথে উপজেলা পরিষদের আবাসিক পুকুরে বন্ধুদের সাথে দলবেঁধে গোসল করতে নামে। ওইসময় অসাবধানতার কারণে সে পানিতে জ্ঞান হারিয়ে ফেলে।
পুকুর থেকে উদ্ধার করে তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী অর্ণ’র মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তার মা ও স্বজনেরা। এসময় কান্নার আওয়াজে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।
