parbattanews

চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে মোহাম্মদ ইদ্রিস (২৫) নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মসজিদের ইমাম মোহাম্মদ ইদ্রিস খুটাখালী পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে ভোর ৫টায় মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমামের মরদেহ উদ্ধার করে।

তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।

খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, মাওলানা ইদ্রিস দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তিনি অত্যন্ত শান্ত ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার এমন মৃত্যু খুবই মর্মান্তিক ও রহস্যজনক।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version