কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাক্টরের ধাক্কায় তাহাফামুল হাসান তামিম (২১) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত তামিম ওই ইউনিয়নের রংমহল এলাকার মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মালুমঘাট স্টেশন থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে ট্রাক্টর গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিমের মৃত্যু হয়। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
