parbattanews

চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডাকাতি, নিহত ১, আহত ৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ডাকাত দলের হামলা ও বাধার মুখে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাহমুদুল হক (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীস্থ হাঁসেরদিঘি এলাকায় কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক (২৮) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর শিয়ালিয়াপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। এছাড়া অপর আহত তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন এহেছানুল কাদের (২৫) ও নুর হোসেন (২৬)। তারা দুজনই শিয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পরপরই চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থলে ছুটে যান এবং চকরিয়া সরকারি হাসপাতালে আহতের খোঁজ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় ৬-৭ জনের একটি ডাকাত দল রাস্তায় রশি টেনে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে উখিয়া উপজেলার শিয়াপাড়ার মাহমুদুল হক (৪০) চকরিয়া সদরে যাচ্ছিলেন। ডাকাতদল তাকে আটকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এ সময় নুর হোসেন ও এহসানুল কাদের সৈকত নামে আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে দুটি মোটরসাইকেল নিয়ে রাতে চট্টগ্রাম যাচ্ছিল চার যুবক। প্রতিমধ্যে মহাসড়কের চকরিয়ায় হাঁসের দিঘির পাহাড়ি এলাকায় টর্চের আলো ফেলে তাঁদের থামানোর জন্য সংকেত দেয় একটি ডাকাত দল। তবে সংকেত না মেনে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের আরোহীরা।

এ সময় ডাকাত দলের সদস্যরা মহাসড়কের দুপাশ থেকে রশি টেনে ধরে তাঁদের গতিরোধ করার সময় দুটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এ সময় ডাকাত দলের সদস্যরা মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেল দুটিও ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থলের পাশে গেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, মাথায় গভীর ক্ষত হওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে। তাঁর হাতও কয়েক টুকরা হয়ে গেছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল আরোহীদের গতিরোধের পর কয়েকটি মুঠোফোন ও টাকাপয়সা হাতিয়ে নিয়েছে ডাকাত দল। এ ঘটনার সঙ্গে যুক্ত ডাকাত দলের সদস্যদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের টিম ডাকাতদের ধরতে মাঠে কাজ করছেন বলে তিনি জানান।

Exit mobile version