কক্সবাজারের চকরিয়ায় চোর সিন্ডিকেট, গুপ্তধন প্রতারকচক্র, মাদক কারবারি ও সহিংসতা প্রতিরোধে সর্বদলীয় রাজনৈতিক, সামাজিক এবং সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে মানববন্ধন ও মতবিনিময় সভা করা হয়েছে।
শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শহরিয়াপাড়া স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে এলাকার সর্বস্তরের শত শত নারী-পুরুষেরা মানববন্ধনে একাত্মতা পোষণ করে অংশ নেয়। মানববন্ধন পরবর্তী কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার একটি অসাধু-চক্র দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে গুপ্তধনে এনে দেয়ার প্রলোভনে ফেলে চকরিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করে আসছে। এসব প্রতারক ও ভন্ডচক্রের সাথে একটি প্রভাবশালী সিন্ডিকেট জড়িত রয়েছে। মূলত ওই প্রভাবশালীদের মদদে নানা প্রতারণা কাজ করে যাচ্ছেন।
এছাড়াও চক্রটি চকরিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদকপাচার ও নানান সহিংসতার সাথেও জড়িত। এসব চক্র প্রশাসনের জালে আটকা পড়লেও প্রভাবশালী চক্রের বিভিন্ন তদবির ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যান বলে বক্তারা মানববন্ধনে দাবি করেন।
ইতিমধ্যে এই প্রতারক চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠে। প্রশাসনও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছেনা। প্রতারকচক্রের ফাঁদে পড়ে গুপ্ত ধনের আশায় অনেক নিরীহ লোকজন তাদের স্বর্ণালংকার, টাকা-পয়সা, জায়গা-জমি ও বসতভিটা হারিয়ে পথে বসেছে অসংখ্য পরিবার। কোন লোকজন বিচার নিয়ে এসব চক্রের তাদের বাড়িতে গেলে হামলা ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
সর্বশেষ এ ধরনের একটি ঘটনা ঘটেছে গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যায়। চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক প্রতারণার শিকার হয়ে টাকা ফেরত চাইতে এসে বেধড়ক মারধরের শিকার হয়। পরে পুলিশের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী জানান, তাদের এলাকার মধ্যে অসংখ্য ধরনের অপরাধ সংঘটিত কাজ হচ্ছে বলে দাবি করেছেন। নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে চকরিয়াসহ সারা দেশে কোনাখালী ইউনিয়নের মানুষের চরম ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এসব থেকে পরিত্রাণ পেতে চায় কোনাখালীবাসী। কোনাখালী ইউনিয়নকে অপরাধমুক্ত ও কলঙ্কমুক্ত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতনমহল। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার উদ্দিন রানাসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
