parbattanews

চকরিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

আগুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জি এম মহিউদ্দিন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে ভোর রাত সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের কথা জানিয়েছেন, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জি এম মহিউদ্দিন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টিরও বেশি কাঁচা বাজারের দোকান রয়েছে। এছাড়া মোবাইল ও বিভিন্ন পণ্যের দোকানসহ আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে ২০টি দোকান। এতে প্রাথমিকভাবে অন্তত এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান জি এম মহিউদ্দিন।

তিনি আরো বলেন, চলাচলের রাস্তা সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌঁছা সম্ভব হয়নি। ফলে দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হয়েছে। আগুনের ব্যাপকতার কারণে ফুরিয়ে যায় অগ্নিনির্বাপক গাড়িতে রক্ষিত পানি। আশপাশে কোন পানির উৎস না থাকায় একটু দূরে অবস্থিত মসজিদের পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময়ক্ষেপণ হয়েছে।

Exit mobile version