চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় পুলিশের অভিযানে আটবছর পর বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে দায়ের করা তিনটি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চকরিয়া থানার এসআই মোহাম্মদ আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমানকে (২৬) গ্রেফতার করে। মিজান ওই এলাকার ডা.জমির হোসেনের ছেলে।
চকরিয়া থানার এসআই মোহাম্মদ আলমগীর বলেন, চট্টগ্রামের ডবলমুড়িং থানায় ২০০৮ সালে বিষ্ফোরক দ্রব্য আইনে দুটি ও অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। ওই তিনটি মামলার এজাহারনামীয় আসামি হলেন মিজানুর রহমান। ইতোমধ্যে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
তিনি আরও বলেন, পরোয়ানার কপি আদালতের মাধ্যমে চকরিয়া থানায় পাঠানো হলে এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আসামিকে এদিন বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।