
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালতে মিজানুর রহমান (২৩) নামের এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে।
সাজাপ্রাপ্ত মাদকসেবী আসামি মিজান চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার(১৮এপ্রিল) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান তার কার্যালয়ে এ সাজার আদেশ দেন ।
পুলিশ সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পরিবারের অগোচরে মাদক সেবন করে আসছিল। বুধবার রাত্রে নেশা জাতীয় দ্রব্যাদি পান করে বাড়িতে মাতলামি করে তার বাবা-মাকে মারধর করছিল। ছেলের এ ধরণের অসাধু আচরণ দেখে তার মা ও স্থানীয়রা জনতার সহায়তায় ওই মাদকসেবীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
থানার ওসি’র নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, ধৃত মাদকসেবীকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের আদালতে হাজির করা হলে আদালত মাদকসেবী মিজানকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।