parbattanews

চকরিয়ায় মাতামুহুরী নদীর চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চোখ ও হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ

 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চর থেকে চোখ ও হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে আনুমানিক (৩২) বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কালো রংয়ের গোলাগার গেঞ্জি পরিহিত রয়েছে। পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি।

বুধবার (১২জুন) বিকেলের দিকে উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকাস্থ তাহেরের চিংড়ীঘেরের পাশ্বোক্ত মাতামুহুরি নদীর চর থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে মাতামুহুরী নদীর জোয়ারে পানিতে লাশটি ভেসে আসে নদীর চরে। ভাটার টানে চরে আটকা পরলে স্থানীয়রা লাশটি দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার ও ইউপি সদস্য মোহাম্মদ হোছাইনকে লাশের বিষয়টি অবহিত করলে তারা দ্রুত থানা পুলিশকে খবর দেয়। পরে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এস আই) চিরঞ্জীব দাশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাতামুহুরী নদীতে অজ্ঞাত যুবকের লাশের খবর পেলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটির চোখ ও হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন পূর্বে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। লাশটির পরিচয় সনাক্তকরণে কাজ করছে পুলিশ।

তিনি আরো বলেন, লাশের প্রাথমিক সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Exit mobile version