ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও তাঁর পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম মহানগরী, বিভিন্ন ওয়ার্ড, ইউনিট এবং জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই পুনর্মিলনীতে যোগ দেন।
রবিবার (২২ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান।
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দেড় যুগ ধরে এদেশের মানুষ একটি কর্তৃত্ববাদী অপশাসনে নিষ্পেষিত ছিল। গুম, খুন ও নির্যাতনের মুখেও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে। ৫ই আগস্টের সফল গণআন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আরও বলেন, বর্তমান সরকারের মাত্র এক মাসের কর্মকাণ্ডে দেশ গড়ার পরিকল্পনা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মহৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা এবং জুলাই গণআন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। আগত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে আপ্যায়ন করা হয়।
