parbattanews

চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিহত ১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার ম্যালকাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ম্যালকাইন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান এবং যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। তবে এ সময় এক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ওই যাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক কামরুল ইসলাম জানান, বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডাসার থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ যাত্রী নেমে যেতে সক্ষম হলেও একজন গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজট সৃষ্টি হয়।

Exit mobile version