parbattanews

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের ব্যাপারে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের ব্যাপারে দীর্ঘ তদন্ত চলছে এবং তদন্ত শেষে কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটি দীর্ঘ তদন্ত চলছে। তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে।’

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম কার্যদিবসে চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদে অর্থমন্ত্রী এ ব্যাপারে আরো বলেন, ”চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাগণ কর্তৃক দায়েরকৃত কতগুলো মামলা আছে। মামলাসমূহ বর্তমানে হাইকোর্ট বিভাগ ও শ্রম আদালতে চলমান রয়েছে। যা বর্তমানে শুনানি পর্যায়ে। হাইকোর্টে দায়ের রিট পিটিশনসমূহে মহামান্য আদালত কর্তৃক পিটিশনকারীদের আবেদন নিষ্পত্তি নির্দেশনা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিপালিত হয়েছে। তবে বিষয়টি আদালতে বিচারাধিন রয়েছে বিধায় এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই। তবুও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কাজ করছে।’

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টির প্রতি অর্থমন্ত্রী সহানুভূতি জানিয়ে সংসদে বলেন, ‘আমি আপনার সাথে সহানুভূতিশীল হয়েই বলছি, কেননা আমার এলাকার অনেকের চাকরি চলে গেছে এবং এই চাকরি যাওয়ার পেছনে অনেক ঘটনা আছে। সেটা আমি সংসদে বলতে চাই না। সেটা বিতর্ক সৃষ্টি হবে। কারণ হচ্ছে অনেকের ধারণা, অনেক ব্যাংক যারা ওউন করেন, তারা তাদের নিজস্ব লোকজনকে রেখে বাকি লোকজন বিদায় করে দিয়েছেন। এ রকম একটা পাবলিক ধারণা আছে। এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটি দীর্ঘ তদন্ত চলছে। তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে।”

সংসদে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক কর্তৃক খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক নিয়মিতভাবে হালনাগাদ পূর্বক সংরক্ষণ করা হয়। ফলে খেলাপিঋণ গ্রহীতা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হতে ঋণ গ্রহণের সুযোগ থাকে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক যদি ঋণখেলাপি হিসেবে তালিকাভুক্ত হয় তবে বাংলাদেশ ব্যাংক হতে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারার ১৭/এ বর্ণিত বিধান পরিপালন সাপেক্ষে তার পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হলে খেলাপিঋণ পরিশোধ পূর্বক উক্ত তালিকা হতে অব্যাহতির এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবার যোগ্যতা অর্জন করতে পারে না।’

Exit mobile version