ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতির ওপর নয়াদিল্লি গভীরভাবে নজর রাখছে।
আজ (৩ জুলাই) ভারতের নয়াদিল্লিতে এক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের ওপর ভারত সবসময়ই গভীর নজর রাখে।
মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এ ধরনের সমস্ত ঘটনাপ্রবাহের ওপর নিবিড়ভাবে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা সহযোগিতা, বিশেষ করে জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর ভারত এই প্রতিক্রিয়া জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরেও বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতার বিষয়টি একটি পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে।
তিস্তা প্রকল্পের বিষয়ে ইঙ্গিত করে জয়সওয়াল বলেন, ‘ভারত ইতোমধ্যে বাংলাদেশের কাছে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।’
তিনি বলেন, ‘তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে।’ এর পাশাপাশি তিনি যোগ করেন, ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সমস্ত ঘটনাপ্রবাহকেই বিবেচনায় রাখবে ভারত।
উৎস: টিবিএস অনলাইন ( ৩ জুলাই ২০২৬)
