parbattanews

ছয় লেনের মাতামুহুরী সেতুর বেসক্যাম্প স্থাপনের কাজ শুরু

চকরিয়া প্রতিনিধি:

অবশেষে বহুল প্রতিক্ষিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গায় ছয়লেনের মাতামুহুরী সেতুর নির্মাণকাজের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বেসক্যাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

এতে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হতে চলেছে। শনিবার(১০ নভেম্বর) বিকেলর দিকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেতুর নির্মাণকাজ বাস্তবায়নের জন্য বেসক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বেসক্যাম্প স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। উপস্থিত ছিলেন মাতামুহুরী সেতু ছাড়াও মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল সেতু, চন্দনাইশের বরগুনি সেতু ও দোহাজারি সাঙ্গু সেতু নির্মাণের কার্যাদেশ পাওয়া স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. এর স্থানীয় কো-অর্ডিনেটর নূরে বশির , চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষিত ছয় লেনের মাতামুহুরী সেতুসহ মহাসড়কের চারটি সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে মাতামুহুরী সেতুর নির্মাণকাজের জন্য বেসক্যাম্প স্থাপন কাজের উদ্বোধন হলো। এতে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। যার দৃষ্টান্ত উদাহরণ আরেকবার দেখল চকরিয়া তথা কক্সবাজারবাসী।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গাস্থ ছয়লেনের মাতামুহুরী সেতুর নির্মাণকাজ শুরু করতে ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার যাবতীয় কাজ এর আগে সম্পন্ন করা হয়। যার পরিপ্রেক্ষিতে ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেকও হস্তাস্তর প্রক্রিয়াও চলমান রয়েছে।

চকরিয়া উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, ছয়লেনের মাতামুহুরী সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে ভূমি মালিকদের তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় কর্ম সম্পাদন করা হয়েছে অনেক আগেই। সে অনুযায়ী এই সেতুটি তিন মৌজার জমির ওপর দিয়ে নির্মিত হবে। তন্মধ্যে চিরিঙ্গা, কাকারা (হালকাকারা অংশ) ও লক্ষ্যারচর মৌজার জমি পড়েছে।

উল্লেখ্য, ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী, পটিয়ার ইন্দ্রপুল, চন্দনাইশের বরগুনি ও দোহাজারির সাঙ্গু সেতুর নির্মাণকাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)। এসব সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। এই চার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০৮ কোটি টাকা। ইতোমধ্যে এসব সেতুর নির্মাণকাজ বাস্তবায়নের জন্য স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে চুড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়েছে।

স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. এর স্বত্বাধিকারী মোজাম্মেল হক জানান, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট’ এর আওতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেনের এই চারটি সেতুর মূল নির্মাণকাজ শুরু হবে সহসাই। এজন্য মাতামুহুরী সেতুর নির্মাণকাজের জন্য প্রাথমিকভাবে বেসক্যাম্প স্থাপনের কাজ শুরু হলো।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ কয়েকবছর ধরে মাতামুহুরী সেতুর ওপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতুটির নিচে প্রথমে বালুর বস্তার ঠেস এবং ওপরে পাটাতন বসিয়ে জোড়াতালির মাধ্যমে যানবাহন চলাচল সচল রাখা হয়। এর পরও মাঝখানে সেতুটি ফের ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে আবারো জোড়াতালির কাজ শুরু করে সওজ। এজন্য ব্যয় হয় ২ কোটি ৩০ লক্ষ টাকা।

চার সেতু নির্মাণ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সৈয়দা তানজিমা সুলতানা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চারটি সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। এসব সেতুর নির্মাণকাজ শুরু করার জন্য চুড়ান্তভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানও নিয়োগ করা হয়েছে।

Exit mobile version