parbattanews

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যার আসামি কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টায় কক্সাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলীরাজ জঙ্গল সলিমপুরের মৃত রহমত আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া মারা যান, আহত হন তিন সদস্য। এ ঘটনায় র‌্যাব ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার অন্যতম আসামি আলীরাজ কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে রবিবার তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

Exit mobile version